• আজ ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যে মানুষকে ধমক দিয়েছেন, একদিন তার কাছেই যেতে হবে: হুইপ নিজান

| নিউজ রুম এডিটর ৭:১৬ অপরাহ্ণ | ০১/০৯/২০২৬ সারাদেশ

জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, এক সময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি। এখন বাধা দেওয়ার কোনো মানুষ নেই, দেওয়ার সাহসও নেই। এজন্যই বলি ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। তবে এই মজা চিরস্থায়ী নয়। সেজন্য আমি অন্যকে সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ এখন আমাদের সরকারের মাত্র ৬ মাস বয়স। সাড়ে ৪ বছর পর আবার নির্বাচন হবে। সেদিন কিন্তু মানুষ ঠিক করে নেবে। আজকে যে মানুষের সাথে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন— সাড়ে ৪ বছর পর আবার তার কাছেই আমাদের যেতে হবে। এটার নামই গণতান্ত্রিক রাজনীতি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নিজের বক্তব্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলব। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও ঘুসের বিরুদ্ধে কথা বলব। এ দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। গত ১৭ বছর আওয়ামী লীগ টিআর ও কাবিখা লুটপাট করেছে, মানুষ তার জবাব দিয়েছে। এখন বিএনপি নেতাকর্মী হিসেবে আপনারা যদি একই কাজ করেন, তবে মানুষ আপনাদেরকেও ছেড়ে দেবে না, উপযুক্ত জবাব দেবে।

 

নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা আমাকে অনুসরণ করবেন, আর আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ১৫০ টাকার ক্যান্টিনের ভাত খান, তিনি কোনো বড় চেয়ারে বসেন না। আমি কেন বসব? আপনাদের প্রথমে চিন্তা ও চেতনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে, কেবল মুখোশধারী পরিবর্তন আনলে চলবে না। স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা আজ দায়িত্বে এসেছি। তাই আমাদের সবাইকে অত্যন্ত সাবধান ও সংযত থাকতে হবে—যেন আওয়ামী লীগ যে রূপে জনগণের সামনে আবির্ভূত হয়েছিল, আমরাও ঠিক একই রূপে আবির্ভূত না হই।

 

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন এবং সদস্য সচিব আবু সাঈদ দোলনসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।