
ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডে লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এর জন্য বাড়তি কোনো ফি বা চার্জ দিতে হবে না।
বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের কার্যক্রম পরিদর্শন করেন।
অর্থমন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে সহজেই টাকা নিতে পারবেন।
তার মতে, এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। লেনদেনও হবে সহজ ও দ্রুত।
অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে দ্রুতই এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকও এই ব্যবস্থা দেশে সবার জন্য চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই সরকারের এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।























