
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। মুক্তি পাওয়ার পর ধ্রুব রাঠি বলেন, তাকে আটক বা গ্রেপ্তার নয় বরং অপহরণ করা হয়েছিল। শনিবার গভীর রাতে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর রোববার এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল।’
দিল্লির গুরগাঁও পুলিশের কর্মকর্তারা জানান, শনিবার রাত ৩টার দিকে ধ্রব রাঠিকে মুক্তি দিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাসা থেকে তাকে আটক করা হয়েছিল।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ওই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
মুক্তির পর রাঠি আরো দাবি করেন, গুরগাঁও পুলিশের কাছে তাকে কোনো মুচলেকা দিতে হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস























