• আজ

ফিলিস্তিন সংকট: বসতি বন্ধে ইসরাইলকে চীনের চাপ

ফিলিস্তিন সংকট: বসতি বন্ধে ইসরাইলকে চীনের চাপ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন অবিলম্বে বন্ধ ও তা প্রত্যাহারের জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে চীন। আজারবাইজানের বাকুতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিন সংকট এই শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার।’ তিনি স্পষ্ট করেন, দ্বি-রাষ্ট্র সমাধানই এ সংকটের সঠিক পথ। একই সঙ্গে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়া ঠেকাতে ত্রাণসহায়তা প্রবেশের পথ পুরোপুরি খুলে দেয়া এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন তিনি। সংকট সমাধানের লক্ষ্যে সব পক্ষকে দ্রুত সংলাপে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে বাকুতে আয়োজিত এশীয় সহযোগিতা ও আস্থা বৃদ্ধি সংক্রান্ত সিআইসিএ শীর্ষ সম্মেলনে যোগ দেন ওয়াং ই।

মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের প্রভাব বাড়ানোর কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক হল। এর আগে গত সেপ্টেম্বরে মিসর সফরকালে আঞ্চলিক নিরাপত্তা পুনর্গঠনের পাশাপাশি বহিরাগত প্রভাব প্রতিরোধের তাগিদ দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের সঙ্গে বড় বাণিজ্য সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছে চীন।