
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে হাতাহাতিতে জড়ানো সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। প্রথমে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়। এবার তার স্বামী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও অন্য বিদ্যালয়ে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক আফজালপুর রহমানকে উপজেলার উত্তর প্রান্তের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে, সহকারী শিক্ষক আছমা খাতুনকে পাঠানো হয়েছে উপজেলার দক্ষিণ প্রান্তের কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষকের বদলির আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। একইসাথে তাকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
গত ৫ অক্টোবর ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ওই শিক্ষক দম্পতির হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষক আফজালপুর রহমান ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় ১২ বছর ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের প্রভাব পড়ে বিদ্যালয়েও। তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়তেন। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
শিক্ষকদের এমন বিরোধের প্রভাব পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তিতেও। দিন দিন ভর্তি কমতে থাকে। পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের ওই বিদ্যালয় থেকে সরিয়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকেও কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।























