• আজ

হুথিদের হামলার শঙ্কায় সৌদির ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

হুথিদের হামলার শঙ্কায় সৌদির ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন কিংডম সেন্টারের সব অফিসকর্মীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ৯৯ তলাবিশিষ্ট ভবনটির কর্তৃপক্ষের পাঠানো ইমেইলে বলা হয়েছে, অফিসকর্মীদের জন্য দূরবর্তী কর্মপদ্ধতি অবিলম্বে বাধ্যতামূলক করা হয়েছে। এ সময়ে কর্মীদের সরাসরি অফিসে আসতে নিষেধ করা হয়েছে। তবে ভবনটির নিচতলায় থাকা শপিং মল খোলা রয়েছে।

নির্দেশনার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের বড় ধরনের হামলার এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। ওই হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিংডম সেন্টারে মেরিল লিঞ্চ, ম্যাককিনসি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এদিকে নিরাপত্তাঝুঁকির কারণে স্কুলগুলোতে দূরবর্তী শিক্ষা কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে। গত সপ্তাহের হামলার পর থেকে রিয়াদের বিমানবন্দরও বন্ধ রয়েছে।

ইয়েমেন সীমান্তের কাছে নাজরান এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সৌদি জোট ঘটনাটিকে কারিগরি ত্রুটি বললেও হুথিরা দাবি করেছে, তারা ওই এলাকায় একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

সৌদি জোট জানিয়েছে, গত রাতে রিয়াদ এলাকায় দুটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে জোট বাহিনী।

অন্যদিকে, শনিবার হুথিরা দাবি করেছে, ইয়েমেনে সৌদি হামলায় তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ল ৬ বাড়ি, সরিয়ে নেওয়া হলো বাসিন্দাদের

দীর্ঘদিনের সংঘাতের মধ্যে হুথিরা সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবকে সহায়তার বিষয়ে মিশরও সক্রিয় হয়েছে। রবিবার দেশটির পার্লামেন্টে জরুরি অধিবেশন বসার কথা রয়েছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবকে সহায়তার অনুমোদন চেয়েছেন। তিনি বলেছেন, সৌদি নেতারা অনুরোধ জানালে দেশটিকে সুরক্ষা দিতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত মিশর। তবে তিনি স্পষ্ট করেছেন, এর অর্থ কাউকে আক্রমণ করা নয়; বরং আত্মরক্ষার বিষয়টি নিশ্চিত করা।