
ইসরাইলে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ (Waze) ব্যবহারের ওপর সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। অ্যাপটির ইসরাইলি উৎসকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) টাইমস অব ইসরাইল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওয়েজ অ্যাপ ব্যবহারের ফলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়া সরকার। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাবি, অ্যাপটি ইসরাইলের আইন মেনে পরিচালিত হতে বাধ্য।
জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর নিজের ফেসবুক পোস্টে আনোয়ার বলেন, মানুষের ব্যক্তিগত তথ্য ও পরিচয়ের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
তবে ওয়েজ অ্যাপের মাধ্যমে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। বিকল্প হিসেবে মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ (Tuju) ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, সরকারি সংস্থাগুলোর প্রধানদের পাঠানো এক চিঠিতে মালয়েশিয়া সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানিয়েছেন, সরকারি কর্মীদের জন্য ওয়েজ অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই এ নির্দেশনা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ওয়েজ একটি ইসরাইলি প্রযুক্তিতে তৈরি নেভিগেশন অ্যাপ। এটি স্যাটেলাইট সংকেত ও চালকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সড়কের যানজটের হালনাগাদ পরিস্থিতি জানায়। ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে অ্যাপটি অধিগ্রহণ করে।























