• আজ

ঠাকুরগাঁওয়ে দুই প্রার্থীর মিষ্টি বিনিময়, আসিফ মাহমুদের ক্ষোভ

ঠাকুরগাঁওয়ে দুই প্রার্থীর মিষ্টি বিনিময়, আসিফ মাহমুদের ক্ষোভ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পাওয়া বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বাসায় মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে দেখা করতে যান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, উপনির্বাচনে অনিয়ম দেখার পরেও সরকারি ও বিরোধী প্রার্থী একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন। এই মিষ্টি বিনিময়ের চিত্রই প্রমাণ করেছে কেন আগামীর রাজনীতিতে এনসিপিকে দরকার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চার দফা দাবিতে গণবিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আসিফ বলেন, ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসাররা ব্যালটে সিল মেরে রেখেছে। সেগুলো ধরাও খেয়েছে। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, এমন উপনির্বাচনে অনিয়ম দেখার পরেও সরকারি ও বিরোধী প্রার্থী একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন।

কেন রাজনীতিতে এনসিপিকে দরকার, তা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ বুঝে যাচ্ছে, বাংলাদেশে এনসিপি ছাড়া গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য আর কোনো বিকল্প নাই।

এ সময় এনসিপি জনগণের শক্তি অর্জন করে আগামী পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাবে বলেও জানান তিনি।