
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেছেন, চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলে কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ, চাঁদাবাজি বন্ধ করতে হবে।
তিনি বলেন, নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। ফলে ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীর ছেঁড়া জামা সেলাই করে প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষিকা
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের আলহেরা এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩১ আগস্ট লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লংমার্চ কর্মসূচিতে ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি উল্লেখ করেন।
৭ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা শেষে কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন। ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হবে সমাবেশ।
এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল অলি আহমদ (অব.), খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























