
ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও বিতর্কিত সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হারুন অর রশীদের বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত থাকা এবং কর্মস্থল ত্যাগের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা আরও হয়েছে, হারুন অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেননি।
পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (Desertion) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বরখাস্তের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।























