
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার, রিমান্ড ও হাত বাঁধা অবস্থায় আদালতে হাজির হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় এসেছিলেন কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। সেই আলোচিত ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। বাংলা ছাড়া বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাইয়াজের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।
ভবিষ্যতে মানুষ বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে: রেজাউল করিম রনি
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ছিলেন ফাইয়াজ। সে সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। ১৭ জুলাই থেকে আন্দোলনে অংশ নিতে শুরু করেন তিনি। বন্ধুদের সাথে মিলে আন্দোলনের সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের পানি ও খাবার সরবরাহ করতেন। পাশাপাশি স্লোগান দিয়ে আন্দোলনকারীদের উৎসাহ জোগাতেন।
আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যে ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এরপর কয়েক দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ২৭ জুলাই পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন ঢাকা মহানগর হাকিম আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত থেকে বের করার সময় দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ফাইয়াজকে প্রিজনভ্যানে তোলার ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। ১৭ বছর বয়সী একজন শিক্ষার্থীর সাথে এমন আচরণের ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও রিট করা হয়।
পরদিন ২৮ জুলাই ফাইয়াজের জন্মনিবন্ধন ও এসএসসি পরীক্ষার সনদ আদালতে উপস্থাপন করেন তার আইনজীবীরা। তারা জানান, ফাইয়াজ অপ্রাপ্তবয়স্ক। পরে ঢাকা শিশু আদালত তাকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে রিমান্ডের আদেশ বাতিল করেন। একইসাথে তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ২৯ জুলাই হাইকোর্টে শুনানির সময় রাষ্ট্রপক্ষও স্বীকার করে, ফাইয়াজকে রিমান্ডে নেওয়া এবং দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনাটি ভুল ছিল।
জুলাইয়ের সেই ঘটনা ও কারাবাসের মধ্য দিয়ে দেশজুড়ে পরিচিতি পান ফাইয়াজ। তবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আবারও পড়াশোনায় মনোযোগী হন তিনি। সেই অধ্যবসায়ের প্রতিফলন দেখা গেল এবারের এইচএসসি পরীক্ষার ফলে। বাংলা ছাড়া অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত এই শিক্ষার্থী।























