• আজ

রণক্ষেত্র মিরপুর, এবার পুলিশের গাড়িতে আগুন

রণক্ষেত্র মিরপুর, এবার পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের গাড়িটির দিকে এগিয়ে গিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়। পরে গাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ ঘটনায় মিরপুর-১১ ছাড়াও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন গন্তব্যে ফেরা মানুষেরা।

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।