• আজ

শ্রমিক আন্দোলনে ঢুকে ভাঙচুর-লুটপাট করেছে আ.লীগ ও বিরোধী দল: এমপি মজিবুর

শ্রমিক আন্দোলনে ঢুকে ভাঙচুর-লুটপাট করেছে আ.লীগ ও বিরোধী দল: এমপি মজিবুর

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ঢুকে আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। দেশের অর্থনীতি থমকে দিতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (১ নভেম্বর) বিকেলে মহানগরীর নাওজোর এলাকায় শ্রমিক নেতাদের সাথে এক আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রমিকদের সব দাবি মেনে নিয়ে সোমবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।

‘তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’ লিখে অকৃতকার্য ছাত্রের আত্মহত্যা

মজিবুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে একটি পক্ষ। তাদের এ অপতৎপরতা রুখতে শ্রমিক নেতাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা কাজে যোগ না দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আলোচনা সভা শেষে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করেন। একইসাথে গুজবে কান না দিয়ে সরকারের গঠন করা মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য মজুরি বোর্ড আরও আগেই গঠন করা প্রয়োজন ছিল।

তবে যেহেতু বোর্ড গঠন করা হয়েছে, সেহেতু আজ হোক কিংবা কাল, শ্রমিকদের বেতন বাড়বে বলে তারা আশাবাদী। বোর্ডের ঘোষিত মজুরিতে শ্রমিকরা সন্তুষ্ট না হলে পরবর্তী সময়ে আবারও আলোচনার সুযোগ রয়েছে। তাই আপাতত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।