• আজ

পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ পোশাকশ্রমিকদের

পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ পোশাকশ্রমিকদের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায়। সড়কের দুই পাশে যানবাহন আটকে রয়েছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছেন। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তরা। একই সঙ্গে সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিও জানিয়েছেন শ্রমিকেরা।

বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া প্রথম আলোকে বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে।

আরেক শ্রমিক আনোয়ারা বেগম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। দুপুরে তারা সড়ক অবরোধ করেন।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। সেখানে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বেলা পৌনে দুইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।