• আজ

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে মারধর, গাড়ি ভাঙচুর

ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকার আশাবাড়িতে চোরাচালানকারী একদল দুর্বৃত্তের হামলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিনজন জোয়ান নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেদম মারধরের পাশাপাশি আহত সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাও করা হয়।

সোমবার (৩ নভেম্বত) সকালের এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ও একটি সরকারি গাড়ি ভাঙচুর করেছে।

ধাওয়ার মুখে চোরাচালানকারীরা চারদিকে ছড়িয়ে পড়লেও প্রায় ৪০০ মিটার দূর থেকে হেফজুর রহমান নামে এক অভিযুক্ত চোরাচালানকারীকে বিএসএফ আটক করতে সক্ষম হয়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আশাবাড়ির ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে মানিক সাহা লেখেন, ‘আশাবাড়িতে দুর্বৃত্তদের একটি দল দ্বারা আমাদের সাহসী বিএসএফ কর্মীদের ওপর নির্মম আক্রমণের আমি তীব্র নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা বাহিনীর ওপর এই ধরনের সহিংস কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর দ্ব্যর্থহীন নিন্দা পাওয়ার যোগ্য। আমাদের নিরাপত্তা কর্মীদের ওপর যেকোনো আক্রমণ একটি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয় এবং আইনের সঙ্গে সংগতি রেখে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষার দাবিদার।’