
শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণ ভাবে মিছিল করেছে কর্মবিরতি থাকা একাধিক কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আশুলিয়ার পরিবেশ।স্বাভাবিক রয়েছে যান চলাচল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়া নিশ্চিন্তপুর থেকে সরকার মার্কেট এলাকায় শান্তিপূর্ণভাবে একটি মিছিল করেছেন পোশাক শ্রমিকরা। মিছিল শেষে তারা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান।
সিঙ্গাপুর থেকে ৬২ হাজার টন কয়লা এলো পায়রা বন্দরে
সরেজমিনে দেখা গেছে, সকাল ৮ টার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। সময়ের সাথে সাথে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেশ কিছু কারখানা ছুটি ঘোষনা করে।
পরে শ্রমিকদের একটি অংশ শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শ্রমিকদের মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করতে সহযোগিতা করে। পুলিশি কোনো বাধা ছাড়াই শ্রমিকরা তাদের কর্মসূচি শেষ করে সড়ক থেকে সরে যাওয়ায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষ ঠেকাতে এবং শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।’
এসময় তিনি আরও বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলে আমাদের তরফ থেকে তাতে বাধা দেওয়া হয় না। আমরা চাই শিল্পাঞ্চলে শান্তি বজায় থাকুক এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকুক।’
সকালের দিকে কিছু ঘটনা থাকলেও বর্তমান আশুলিয়া শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।























