• আজ

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি ঢাকা।

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক একটি সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পরপরই পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও এ ধরনের ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। তার পক্ষে যোগাযোগ করছেন উল্লেখ করে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা সম্মতিপত্রের কোনো নথি সংযুক্ত ছিল না। সাধারণত কোনো ব্যক্তির পক্ষে অন্য কেউ আবেদন করলে তার অনুমোদনপত্র থাকা প্রয়োজন।

দিল্লি হাইকমিশন বিষয়টি ঢাকাকে জানানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের প্রক্রিয়ায় রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানিয়েছিল, বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। এ জন্য নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এ ধরনের আবেদন করার খবর সামনে এল।

, , ,