
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।























