• আজ

সামাজিক যোগাযোগমাধ্যমেও আ.লীগের প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমেও আ.লীগের প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রচার-প্রচারণাও গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যমে প্রকাশনা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট পাবেন, প্রশ্ন রিজভীর

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া কিংবা যানবাহনে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়। এদিকে মতবিনিময় সভায় টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে সরকার হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেন তিনি।

সভায় সম্প্রচার সাংবাদিকদের প্রতিনিধিরা জানান, বিজ্ঞাপননির্ভর টেলিভিশন চ্যানেলগুলোর বর্তমান আয় দিয়ে পরিচালন ব্যয় ও সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ সংকট কাটাতে কেবল অপারেটরদের গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব তুলে ধরেন তারা। পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন, পৃথক গণমাধ্যম কমিশন গঠন এবং সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

প্রতিনিধিদলের প্রস্তাবগুলো লিখিতভাবে পাওয়ার পর পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী।