• আজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, উদ্ধার ককটেল-ইয়াবা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, উদ্ধার ককটেল-ইয়াবা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা হয়েছে। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, জাল টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৪৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগ বিভাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে

অভিযান চলাকালে তিনটি ককটেল ও বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।