
জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রোববার (১৫ নভেম্বর) সকালে অভিযুক্ত এই ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। এর পরিপ্রেক্ষিতেই সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় নায়েব আবুল কালামকে দাপ্তরিক কাজের পরিবর্তে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ শুধু তা-ই নয়, তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আটকে রাখার হুমকিও দেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মধ্যে।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সাংবাদিক আলাদিন সানি ও ডিবিসির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, বরং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে।
সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।























