
শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরাকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বর দেশজুড়ে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ডিসেম্বরকে কেন্দ্র করে রাজধানী ঢাকাকে দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা এঁটেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে আশঙ্কা করছে পুলিশ।
গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত কয়েকজন ব্যক্তির নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ ভবনে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করতে পারেন বলে ধারণা করছেন গোয়েন্দারা।
তথ্য অনুযায়ী, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী এবং মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তে কাজ চলছে। এ জন্য গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মুঠোফোনের কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অর্থায়ন ও যোগাযোগের নেটওয়ার্ক শনাক্ত করা গেলে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কথিত কমিটিগুলোর কার্যক্রম ও সমন্বয়কারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা এবং যোগাযোগব্যবস্থা সচল রাখাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি এলাকায় আকস্মিক জমায়েত করার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এরপর রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় অবরোধ সৃষ্টি করে ঢাকাকে কার্যত অচল কিংবা দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে।
এ কারণে রাজধানীর প্রবেশপথ ও আশপাশের জেলাগুলোর পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি করছে প্রশাসন। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ জানান, “তারা (আওয়ামী লীগ) কী করতে চায়, সেই তথ্য গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে। চাইলেই তো আর সেটা করতে পারবে না। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।”
অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে আওয়ামী লীগের কোনো কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামবে না বিএনপি। বরং নিজস্ব কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকার কৌশল নিয়েছে দলটি।
বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। বিশেষ করে নাশকতা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা কিংবা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা রয়েছে।
বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে চান শীর্ষ নেতৃত্ব। গত রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতাদের রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। শুধু দিনের বেলা নয়, রাতের বেলায়ও রয়েছে তাদের এমন কার্যক্রম।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সবা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্ট পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তি বিদেশে বসে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই দলে নেতা কর্মীরা মাঠে থাকবেন। আর কেউ যদি নাশকতা করতে চায়, সরকার নিয়ম মাফিক তার ব্যবস্থা নেবে। গোপালগঞ্জ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেটা করছে সেটা হচ্ছে আইন বহির্ভূত। সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বরেন, আওয়ামী লীগ তার জন্মের পর থেকেই ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত। বাংলাদেশের কোনো ভালোই তাদের সহ্য হয় না। অতীতেও মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়েছিল, তারপর আওয়ামী লীগ ভেঙে চার টুকরা হয়ে গেছিল। পরবর্তীতে এটা আবার তিন টুকরা হয়ে যায়। তারা বিভক্তির দল এবং আর কেয়ামত পর্যন্ত মানুষকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপি এবং তার ভ্যানগার্ড ছাত্রদল সবসময় মাঠে থাকবে। এই সন্ত্রাসী সংগঠনের সাথে ন্যূনতম আপস করার সুযোগ বাংলাদেশের সুস্থ সাধারণ জনগণের নেই।























