• আজ

যাত্রীদের ‘জয় বাংলা’ বলতে বাধ্য করা সেই যুবক ঢাকা কলেজ ছাত্রদল কর্মী

যাত্রীদের ‘জয় বাংলা’ বলতে বাধ্য করা সেই যুবক ঢাকা কলেজ ছাত্রদল কর্মী

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন এবং যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনায় ভাইরাল হওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। সাবিদ হাসান নামের ওই যুবক ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঢাকা কলেজ শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ নভেম্বর ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে সাধারণ যাত্রীদের সঙ্গে সাবিদ হাসানকে আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাসের যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি তল্লাশি করা হয়। এ সময় নিরাপত্তার শঙ্কায় যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।

ঢাকা কলেজের কয়েকজন ছাত্রদল নেতার দেওয়া তথ্যমতে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের একনিষ্ঠ কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি। তবে পরবর্তী সময়ে ছাত্রদল নেতা মিল্লাদ হোসেন তাকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন বলে জানা গেছে। এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন সাবিদ।

এ ছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের দক্ষিণ ছাত্রাবাসের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় তার ফুটপাতে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে। পাশাপাশি ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন পোর্টালে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয়েও তিনি কাজ করতেন বলে জানা গেছে।

এদিকে সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার আপন বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। খোঁজ নিয়ে আরও জানা গেছে, তার পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুক পোস্টে বলেন, একদিকে ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব, অন্যদিকে ওই ছেলেই আবার গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ জনগণকে দিয়ে জোর করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। আমাদের আরও সচেতন হওয়া উচিত। বিশেষ করে যারা দায়িত্বশীল অবস্থানে আছেন।

কলেজটির ছাত্রদল কর্মী মাসুদ রানা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সুপার কোরামের লোক হলে ছাত্রলীগ করে ছাত্রদলে পদ পাওয়াও সম্ভব। অথচ ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, আন্দোলন-সংগ্রাম এসবের চেয়ে কোরাম রাজনীতিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতিতে অনেক ত্যাগী কর্মী দিনের পর দিন দলের জন্য কাজ করে, প্রতিকূলতা মোকাবিলা করে, রাজপথে থাকে। অথচ শুধুমাত্র কোরাম রাজনীতির কারণে তারা পদ, স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত হয়। রাজনীতি যদি ত্যাগীদের মূল্যায়নের জায়গা না হয়ে কোরাম আর বলয়ের লোকদের পদ বণ্টনের জায়গা হয়ে ওঠে, তাহলে সাধারণ কর্মীদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। কর্মীর ত্যাগের মূল্যায়ন হোক, কোরাম নয়; রাজনীতিতে যোগ্যতা ও নিষ্ঠাই হোক পদ পাওয়ার মাপকাঠি।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ হাসান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। তাকে ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে বিবেচনা করতাম। যেহেতু সে প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তার পদ ছিল না এবং সাংগঠনিক কার্যক্রম বা কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণও ছিল না। সাবিদের বাড়ি গোপালগঞ্জ এবং তার পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি আমরা জানতাম না। জানতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।

তিনি বলেন, সাবিদকে কোথাও পাওয়া গেলে আমরা তাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দেব। এ ধরনের কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

ভবিষ্যতে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশা ও সংগঠনে সম্পৃক্ত করার আগে তাদের পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ে আরও সতর্ক হবে ছাত্রদল। কেউ গুপ্তভাবে সংগঠনে প্রবেশের চেষ্টা করছে কি না, সে বিষয়েও সচেতন থাকব। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কারও বিষয়ে তথ্য পাওয়া গেলে তাকে সংগঠন থেকে বয়কট ও আইনের হাতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

,