
বিশেষ একটি দেশকে খুশি করার জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। তিনি বলেছেন, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষাখাত। বাংলাদেশেরঅর্থনীতি রিপোর্ট
প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিক্ষাখাতের অনেকগুলো সমস্যা রয়েছে, যা ফ্যাসিবাদী স্বৈরাচারের সময় শুরু হয়েছিল। পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই সমস্যাগুলোকে এড্রেস করার জন্য, যেমন— প্রাথমিকসহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ সঠিকভাবে, ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয় ও সিলেবাসগুলোকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা— এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই। এ কারণেই আপনি দেখেছেন, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। আমরা দেখেছি পৃথিবীতে যে কয়টি দেশ উন্নতি করেছে, প্রত্যেকেই শিক্ষাখাতে সকল সময় বরাদ্দ বেশি রেখেছে।
মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের (ইজিপ্ট) রেফারেন্স উল্লেখ করে তিনি বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোন জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদী স্বৈরাচার মনে-প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল।জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আপনি দেখেছেন, আপনার পরিষ্কার মনে আছে কীভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কীভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি।
সরকারের গৃহীত পদক্ষেপের আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে, সঠিক, ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে।



















