
স্পেন যে শক্তির দিক থেকে কতটা ভয়ঙ্কর, তা নিয়ে কোনো সন্দেহ নেই লিওনেল মেসির মনে। দলটিতে রয়েছে দারুণ সব প্রতিভাবান ফুটবলারদের মেলা। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও তাদের নিয়ে বাড়তি কোনো চাপে ভুগছেন না আর্জেন্টাইন অধিনায়ক। ফাইনালে নামার আগে স্প্যানিশদের শক্তির গভীরতা জানা থাকলেও নিজের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী বিশ্বজয়ী এই ফুটবল জাদুকর।
মেসির ভাষ্যমতে, ফাইনালের মঞ্চে দুই দলই সমান শক্তি নিয়ে লড়াইয়ে নামবে। স্পেনের অনেক ফুটবলারের বিপক্ষেই খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। স্প্যানিশ স্কোয়াডের একটি বড় অংশ জুড়েই রয়েছে বার্সেলোনার ফুটবলাররা- যে ক্লাবটির প্রতি মেসির ভালোবাসা আজও চিরন্তন।
নিজের প্রিয় সাবেক ক্লাব এবং প্রতিপক্ষ স্পেন নিয়ে মেসি বলেন, ‘স্পেন অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। ওদের দলে বেশ কয়েকজন দারুণ ফুটবলার আছে। তবে ওদের খেলার ধরন ও শক্তি সম্পর্কে আমার ধারণা একদম পরিষ্কার। আমি ওদের অনেকের বিরুদ্ধে খেলেছি, এখনও নিয়মিত ওদের খেলা দেখি।’
মেসি আরও যোগ করেন, ‘ওদের অনেকেই বার্সেলোনার ফুটবলার। বার্সা এমন একটি ক্লাব যাকে আমি এখনও ভীষণ ভালোবাসি এবং যার খেলা আমি নিয়মিত উপভোগ করি। তাই আশা করছি খুব ভালো একটা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। দুই দলই সমান শক্তি নিয়ে মাঠে নামবে। তবে সত্যি বলতে, ওদের নিয়ে আমি খুব বেশি একটা ভাবছি না।’চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার সামনে এখন টানা দ্বিতীয় ট্রফি জয়ের হাতছানি। অন্যদিকে, ল্যামিন ইয়ামাল-রদ্রিদের নিয়ে গড়া তরুণ ও ক্ষুরধার স্পেনও শিরোপার জন্য মুখিয়ে আছে। ফাইনালের মহারণে একদিকে স্পেনের জমাট রক্ষণ আর অন্যদিকে আর্জেন্টিনার অবিশ্বাস্য আক্রমণভাগের মধ্যে কার শেষ হাসি ফোটে, তা দেখতে এখন পুরো ফুটবল বিশ্ব উন্মুখ হয়ে অপেক্ষা করছে।





















