• আজ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার হারের শোক ‘সইতে’ না পেরে ২ জনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ১২:৫০ অপরাহ্ণ | ২০/০৭/২০২৬ খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় শুধু ফুটবলপ্রেমীদের মনেই নয়, বাস্তব জীবনেও বেদনাদায়ক প্রভাব ফেলেছে। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সইতে না পেরে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই প্রবীণ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (SAME)।

 

সরকারি তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার একটি বাসা থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই সিপিআর প্রয়োগ করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

এর আগে, বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক সমর্থক হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা দ্রুত জরুরি সেবার সহায়তা নেন। পরে তাকে ডুরান্ড হাসপাতালে ভর্তি করা হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

 

এদিকে, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও সংকটাপন্ন।ফাইনাল শেষে বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে হতাশা থেকে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এ সময় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু স্থান থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হন।

 

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পড়ে গিয়ে আহত হওয়ার একাধিক ঘটনাও রেকর্ড করা হয়েছে।

 

বিশ্বকাপ ফাইনালের পর এমন মর্মান্তিক পরিস্থিতিতে বুয়েনস আইরেসজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সংস্থাগুলো সমর্থকদের শান্ত থাকার এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে।