• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য বিশেষ সুবিধার ঘোষণা ভূমিমন্ত্রীর

| নিউজ রুম এডিটর ১০:৪৫ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ News

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীতে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ড. জোহার স্মৃতির মতো করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এই স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে গণঅভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। রাজশাহী গণঅভ্যুত্থান ২৪ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী তার বক্তব্যে শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৬৯ সালে ড. জোহা যেমন ছাত্রদের বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম অকাতরে রক্ত দিয়েছে। এই মহান ত্যাগ জাতি কখনোই ভুলবে না।

আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে ভূমিমন্ত্রী জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে পাঠানো প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শহীদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে। কর্মসংস্থানের সন্ধানে থাকা শহীদ পরিবারের সদস্যদের চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশপ্রেমের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

রাজশাহী গণঅভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ইফতিখারুল আলম মাসউদসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।