
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। পাশাপাশি নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করা হয়। ২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের ধারণা অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাসের শেষ দিকে রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি অঞ্চল থেকে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চাঁদ সূর্যের আগে অস্ত যাবে অথবা সূর্যাস্তের পর চাঁদের সঙ্গে সূর্যের সংযোগ ঘটবে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
হিজরি শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে ঈদুল ফিতর পালিত হবে ৯ মার্চ মঙ্গলবার। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে ১০ মার্চ বুধবার।
অন্যদিকে, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সেই হিসাব অনুযায়ী, ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবের ওপর ভিত্তি করে ১৪৪৯ হিজরি সনের প্রথম মাস মুহররমের সূচনা ৫ বা ৭ জুনের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।























