• আজ

১৩ দিনে ৩৮ নাশকতা, রেল নিরাপত্তায় বাড়তি ২৫০০ আনসার মোতায়েন

১৩ দিনে ৩৮ নাশকতা, রেল নিরাপত্তায় বাড়তি ২৫০০ আনসার মোতায়েন

রেলপথে মাত্র ১৩ দিনে ৩৮টি নাশকতার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে অতিরিক্ত ২ হাজার ৫০০ আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে স্টেশনে তল্লাশি, সিসি ক্যামেরা স্থাপন, রেললাইনে গোয়েন্দা নজরদারি এবং ২৪ ঘণ্টা যৌথ টহল জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রেলওয়ের পূর্বাঞ্চলে ২১টি এবং পশ্চিমাঞ্চলে ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। দুই অঞ্চলে মিলিয়ে ১৩ দিনে ৩৮টি ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় তিনটি নাশকতা ঘটেছে। এসব ঘটনার পর রেলপথের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি জনবল মোতায়েনসহ একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নিরাপত্তা জোরদারে গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই মাসের জন্য ২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২ হাজার অঙ্গীভূত আনসার মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য রেলওয়ে পুলিশের সঙ্গে কাজ করবেন। তারা শনিবার থেকে মোতায়েন হয়েছেন। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুযায়ী স্টেশন এবং স্টেশনসংলগ্ন নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন।

নাশকতা প্রতিরোধে স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশির ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে এক্স-রে স্ক্যানার ও মেটাল ডিটেক্টর ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং অচল ক্যামেরা সচল করার পাশাপাশি অরক্ষিত সীমানাপ্রাচীর ও অননুমোদিত প্রবেশপথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রেন স্টেশনে, ইয়ার্ডে কিংবা বিরতিতে অপেক্ষমাণ থাকলে নিরাপত্তার দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দেওয়া এবং দায়িত্ব পালনের তথ্য লগবুকে সংরক্ষণের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে ১৯৮৫ সালের সিকিউরিটি ম্যানুয়াল অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রেললাইন, ইয়ার্ড, পার্কিং এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রেললাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট খুলে নাশকতা ঘটানোর চেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সমন্বয়ে ২৪ ঘণ্টা যৌথ টহলের প্রস্তাব করা হয়েছে। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নাশকতার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় স্টেশন, ট্রেন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা ও মেয়াদ যাচাই করা হবে। আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালাতে রেলওয়ের কর্মচারী, আরএনবি ও জিআরপি সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া রেলওয়ের স্থাপনাগুলোর আশপাশের ঝোপঝাড় পরিষ্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নাশকতার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচারণার উদ্যোগও রয়েছে।

রেলসচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি নাশকতার একটি কারণ হতে পারে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটেছে। নিরাপত্তায় ঘাটতি ছিল না দাবি করে তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে।

তবে সাময়িকভাবে জনবল বাড়িয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক। তার মতে, বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত নজরদারি এবং কার্যকর স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে।