
প্রায় দেড়শ বছরের পুরোনো পিরোজপুর পৌরসভা ১৯৯০ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও দীর্ঘ তিন দশকেও বাড়েনি নাগরিক সেবার মান। ভাঙাচোরা সড়ক, সুপেয় পানির সংকট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও মশার উপদ্রবসহ নানা সমস্যায় জর্জরিত পুরো শহর। নিয়ম মেনে হোল্ডিং ট্যাক্স ও পানি বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ পৌরবাসীর।
শহরের পুলিশ লাইন্স ও বলাকা সড়কসহ প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের বড়ো একটি অংশ এখন চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে ভরা এসব রাস্তায় পানি জমে যায়। নামমাত্র সংস্কার করা হলেও নিম্নমানের কাজের কারণে সড়কগুলো দ্রুত আগের অবস্থায় ফিরে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া অনেক এলাকায় নিয়মিত সুপেয় পানি সরবরাহ করা হয় না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি। শহরের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।
পৌরবাসীরা নিয়মিত কর দিলেও ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক জানিয়েছেন, বাজেট সংকটের কারণে একসঙ্গে সব কাজ করা সম্ভব হচ্ছে না। তবে সড়ক, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন শহরবাসী।

















