• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ভারতীয় অস্ত্র সরবরাহ নিয়ে মোদি সরকারের কাছে জবাব চাইলেন জমিয়ত প্রধান

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৬ জাতীয়

ইসরায়েলে ভারতের তৈরি সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহের সাম্প্রতিক খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ‘জমিয়ত উলামায়ে হিন্দ’-এর সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি। এ বিষয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা কাটাতে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে এক বিবৃতিতে মাদানি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারত সরকারের এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। এমন স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুতে স্পষ্টতার অভাব বিশ্বের দরবারে ভারতের নৈতিক অবস্থান ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে। মাদানি সতর্ক করে বলেন, যদি এসব অস্ত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহৃত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও সরবরাহ করা হয়ে থাকে, তবে তা সম্পূর্ণভাবে মানবিক নীতির পরিপন্থী।

তিনি ২০২৪ সালের ‘আন্তর্জাতিক বিচার আদালত’ (আইসিজে)-এর একটি পরামর্শমূলক পর্যবেক্ষণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গাজা সংঘাতের প্রসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ভূমিকা রাখতে পারে—এমন পদক্ষেপ থেকে সব দেশকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে ভারতের ঐতিহাসিক অবস্থানের কথা তুলে ধরে তিনি সরকারি ও বেসরকারি উভয় খাতের মাধ্যমে অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করা এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক গুটিয়ে নেওয়ার জোরালো দাবি জানান।