• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | ০৪/০৮/২০২৬ News

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, উগ্রবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। পুলিশের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এটি পুলিশের একটি স্বাভাবিক প্রক্রিয়া। টহল বা ডিউটির সময় কেউ যেন দায়িত্বহীন অবস্থায় না থাকে, সেজন্য নিয়মিতই সতর্ক করা হয়। একে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।

নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের অপতৎপরতার সুযোগ নেই উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারা ছাড়া মাঠে কোনো প্রভাব ফেলার সামর্থ্য রাখে না। এছাড়া এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।