
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে তাকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন।
ফাহাম লেখেন, মির্জা ফখরুল এমন একজন মানুষ যিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অনুজদের মাঝে আনন্দ খুঁজে ফেরেন। তার কর্মস্পৃহা ও ভদ্র আচরণই তার সাফল্যের চাবিকাঠি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্যের কথা উল্লেখ করে তিনি জানান, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, বেগম জিয়াকে মুক্ত করতে পারা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে।
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়টিকে নিজের জন্য আনন্দ ও হতাশা— উভয় অনুভূতির উল্লেখ করে ফাহাম লেখেন, জাতি হিসেবে একজন অভিভাবকসুলভ রাষ্ট্রপতি পাওয়ার আনন্দ যেমন রয়েছে, তেমনি বিএনপিতে এমন একজন নিঃস্বার্থ মানুষের শূন্যতা পূরণ করা কঠিন হবে বলেও তিনি মনে করেন। বঙ্গভবনের ঘেরাটোপে তার মতো কর্মঠ মানুষের দম বন্ধ হয়ে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে উল্লেখ করে ফাহাম তার স্ট্যাটাসের শেষাংশে বলেন, যারা মনে করেন রাজনীতিতে ভালো মানুষের স্থান নেই, তাদের ধারণা সম্পূর্ণ ভুল।























