• আজ

রোহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, পাশে দাঁড়াল চীন

রোহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, পাশে দাঁড়াল চীন

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর চালানো অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে উল্লেখ করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। তবে আদালতের এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) দেশটির রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র খাইং খাইং সো এ প্রতিক্রিয়া জানান। তার দাবি, আদালতের ১৫ বিচারপতির সবাই একমত হয়ে রায় দেননি। ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই সিদ্ধান্তটিকে ন্যায্য বলে মনে করে না মিয়ানমার সরকার।

মুখপাত্র বলেন, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক আদালতের দীর্ঘ রায় ও বিচারপতিদের পৃথক মতামত পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত অবস্থান জানানো হবে।

মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনও। বেইজিংয়ের মতে, এ ধরনের বিচারিক সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক নয়। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, পরিস্থিতি আরও জটিল না করে বাস্তুচ্যুত মানুষদের প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আইসিজের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের মতো অপরাধ সংঘটিত হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে।