
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে মানুষ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে মানুষ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি ক্ষমতায় থেকে গণভোটের রায় বাস্তবায়ন না করলে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন না করলে মানুষ তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। আর কোনো কারণে ক্ষমতা ছাড়তে হলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ হওয়ার দায়ও তাদের নিতে হবে।
তিনি বলেন, ‘আমরা হয়তো আমাদের লংমার্চের একটা অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। অর্থাৎ কর্মসূচি শেষ। এরপরে আমাদের কর্মসূচি আছে ঢাকার দিকে। আমরা সবাইকে নিয়ে সমাবেশ করব। আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি, বিএনপিকে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা যদি ক্ষমতায় থেকে গণভোটের রায় বাস্তবায়ন না করেন কিংবা জুলাই সনদ বাস্তবায়ন না করেন, তাহলে মানুষ আপনাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে।’
তিনি আরও বলেন, ‘আর যদি কোনো কারণে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হয়, তাহলে জুলাই সনদের যেই লক্ষ্য আমরা তৈরি করেছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা যদি ব্যর্থ হয়, তাহলে লিখে রাখেন, আপনারা যদি ক্ষমতা ছাড়েন, সবচেয়ে বেশি জুলুম-নিপীড়নের শিকার আবার আপনারা হবেন।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি একটু স্পেশালি শেখ হাসিনাকে একটা বার্তা পৌঁছাতে চাই। শেখ হাসিনাকে বলতে চাই, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না বোন। পারলে আপনি নভেম্বরে চলে আসেন। জুলাইয়ের ক্ষত এখনো আমাদের মনে ধবধবে ক্ষয়ের মতো আছে। আপনি যত দ্রুত দেশে ফিরবেন, এই ঘা শুকানো এবং নিরাময়ের ব্যবস্থা আমাদের হবে। আপনি আসেন, আমরা প্রস্তুত আছি।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে উপস্থিত রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী; আমার বাংলাদেশ পার্টির সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।























