
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রচার করা হচ্ছে, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বিজিবি সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে। তবে এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি জানায়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। স্থানীয় দোকান থেকে মূল্য পরিশোধ করে পানি কেনার পর দোকানদার ভ্যানযোগে তা বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম।
বার্তায় বলা হয়, পানি সরবরাহের এ কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ সাধারণ একটি ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজিবি আরও জানায়, দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।
এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।























