
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ স্থবির হয়ে থাকলে অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে। সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে যত বেশি যোগাযোগ হবে, ততই ভুল-বোঝাবুঝি থাকলে তা নিরসন হবে। এ সময় ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের ধর্মীয় গুরুদের কাছেও যাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব। বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার জিম্মাদারি।























