
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নয়টি বিয়ে ও পরকীয়ার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন আলোচিত ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। গত ২২ আগস্ট রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।
ফেসবুক পোস্টে মিছবাহ দাবি করেন, তার বিরুদ্ধে আনা ৯টি বিয়ের তথ্য সম্পূর্ণ মিথ্যা। তিনি স্পষ্ট করেন যে, নাঈমা জান্নাত পঞ্চম স্ত্রী নন, বরং তিনি তার বর্তমান দ্বিতীয় স্ত্রী এবং তাকে পাঠানো উকিল নোটিশেও তিনি নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। এছাড়া তাদের বিয়ের কাবিন ও রেজিস্ট্রি রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, তার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে—এ কথা জেনেই নাঈমা জান্নাত তার সংসারে এসেছেন। তার বিরুদ্ধে আনা পরকীয়ার সম্পর্ক ও যৌতুক দাবির অভিযোগও অস্বীকার করেন এই ইসলামি বক্তা।
সত্য ও মিথ্যার চূড়ান্ত ফয়সালার জন্য তিনি আল্লাহর কাছে ‘মুবাহালা’ বা অভিশাপের শপথ ঘোষণা করেন। পোস্টে তিনি আল্লাহর কাছে ফয়সালা চেয়ে বলেন, তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন এবং অভিযোগগুলো মিথ্যা হয়, তবে যেন মিথ্যা রচনাকারীদের ওপর আল্লাহর লানত বর্ষিত হয়। আর তিনি মিথ্যাবাদী হলে নিজের ওপর লানত নেমে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
আইনি লড়াইয়ের বিষয়ে মিছবাহ জানান, যেহেতু আদালতে মামলা করা হয়েছে, সেহেতু তিনি আইনিভাবে এর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য দেবেন না বলে তিনি উল্লেখ করেন এবং সমস্ত বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেন।























