• আজ ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ঘুস-দুর্নীতি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | ২৩/০৮/২০২৬ News

ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আজ থেকে কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুস গ্রহণ বরদাস্ত করা হবে না। ঘুসের সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তকে কালীগঞ্জ ছাড়তে হবে এবং এ বিষয়ে সর্বোচ্চ কঠোরতা (জিরো টলারেন্স) বজায় রাখা হবে। তিনি আরও বলেন, তিনি নিজে কিংবা অন্য কোনো নেতা কোনো অন্যায়ে জড়ালে সাংবাদিকদের তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং সাংবাদিকদের জন্য শতভাগ স্বাধীনতা নিশ্চিত করার ঘোষণা দেন।

মব কালচার ও চাঁদাবাজির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মবকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো বেসামরিক ব্যক্তি অফিস খুলে শালিস বাণিজ্য চালাতে পারবে না; এমন কর্মকাণ্ড নজরে এলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী ও বিএনপি নেতা হামিদুল ইসলাম প্রমুখ।