
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক অঙ্গনে এমন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাওয়ার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি তার নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত ২২ বছরের অভিজ্ঞতায় মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ভাইয়ের সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অন্যদের আনন্দ দেওয়ার মধ্যে তৃপ্তি পান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কথাও তিনি স্মরণ করেন।
ফাহাম লেখেন, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক কথোপকথনে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে ম্যাডামকে মুক্ত করতে পারার মধ্য দিয়েই তার জীবনের মূল কাজ সম্পন্ন হয়েছে। রাজনীতিতে এমন একজন অনুগত ও বিশ্বস্ত সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনকে আনন্দ ও হতাশা— দুটোর সাথেই তুলনা করে ফাহাম বলেন, জাতি হিসেবে অভিভাবক হিসেবে এমন একজন মানুষকেই রাষ্ট্রে প্রয়োজন, যা আনন্দের। তবে বিএনপিতে এমন একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলেও তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, মির্জা ফখরুল কোনো মারমুখী রাজনীতি বা ক্ষমতার প্রদর্শন করেননি, তবুও সাধারণ মানুষসহ সব মহলেই তার প্রতি এক ধরনের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে, মির্জা ফখরুলের জীবন তারই বড় প্রমাণ বলে মন্তব্য করেন এই গবেষক।























