• আজ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ১১:০০ অপরাহ্ণ | ২৬/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন বিশ্বস্ত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন।

পোস্টে ফাহাম লেখেন, গত ২২ বছরের অভিজ্ঞতা থেকে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ভাইয়ের সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো থাকার মধ্যে আনন্দ খুঁজে পান। বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি নিজের জীবনের মূল ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক কথোপকথনে মির্জা ফখরুল তাকে জানিয়েছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমেই তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি মনে করেন।

ফাহাম আরও উল্লেখ করেন, বিএনপিতে মির্জা ফখরুলের মতো এমন একজন নিবেদিতপ্রাণ নেতা পাওয়া যেকোনো দলের জন্যই সৌভাগ্যের বিষয়। তার প্রেসিডেন্ট হওয়াটা আনন্দের, কারণ জাতি তাকে অভিভাবক হিসেবে দেখতে চায়; পাশাপাশি এটি হতাশারও, কারণ বিএনপিতে এমন একজন মানুষের বিকল্প খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। মারদাঙ্গা রাজনীতি বা ক্ষমতার মোহ ছাড়াই সাধারণ মানুষ ও ভিন্ন মতাদর্শের মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান যে এখনও রয়েছে, মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই এক উজ্জ্বল প্রমাণ বলে মন্তব্য করেন এই লেখক।