• আজ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ড. ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৮:৩৫ পূর্বাহ্ণ | ২৭/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন অনুগত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন।

ফাহাম লেখেন, মির্জা ফখরুল এমন একজন মানুষ যিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অনুজদের বিলিয়ে দেওয়ার মধ্যে আনন্দ পান। ব্যক্তিগত জীবনে তার অলস বসে থাকা স্বভাববিরুদ্ধ এবং সুযোগ পেলেই তিনি কোনো না কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে তিনি জানান, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে বেগম জিয়াকে মুক্ত করা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে।

পোস্টে ফাহাম আরও উল্লেখ করেন, বঙ্গভবনের ঘেরাটোপে তার এই পদায়ন নিয়ে আনন্দের পাশাপাশি তার মনে এক ধরণের হতাশাও কাজ করছে, কারণ বিএনপিতে এমন একজন নিঃস্বার্থ মানুষকে প্রতিস্থাপন করা অত্যন্ত কঠিন। মারদাঙ্গা রাজনীতি বা অর্থবিত্তের প্রদর্শনী না করেও যে সততা ও ভদ্রতার মাধ্যমে সাধারণ মানুষ ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের শ্রদ্ধা অর্জন করা যায়, মির্জা ফখরুল তার এক উজ্জ্বল প্রমাণ।