• আজ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুমকি সারোয়ার তুষারের

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | ৩০/০৮/২০২৬ জাতীয়

আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের অবস্থান বা বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

 

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি জনগণ গ্রহণ করবে না। তিনি রুমিন ফারহানার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ উল্লেখ করে বলেন, নৌকা খুঁজতে গেলে সেই হাঁস জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে না।

 

তিনি বলেন, “নৌকাডুবি হয়ে গেছে। এখন হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না।” একই সাথে আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের সমর্থন বা যুক্তি উপস্থাপন না করার আহ্বান জানান তিনি।

 

এনসিপির এই নেতা আরও বলেন, একটি নির্বাচনে জয় পাওয়ার পর ইচ্ছেমতো সবকিছু করার সুযোগ তৈরি হয় না। জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডের একটি সীমারেখা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে সারোয়ার তুষার রুমিন ফারহানার প্রতি সম্মান রয়েছে উল্লেখ করে বলেন, তবে রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে জনগণের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিতে হবে।

 

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্য নেতারা।