
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, তার সঙ্গে কাজ করার জন্যই বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।
সালমান এফ রহমানের বিরুদ্ধে চলতি বছরের ১২ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনে কথোপকথন হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় সালমান এফ রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে রয়েছেন মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে আইনি লড়াইয়ে যুক্ত হতে আবেদন করেছেন যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি করেন।
বার কাউন্সিল গত ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করেছে। তবে ব্রিটিশ আইনজীবীকে মামলায় লড়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।























