• আজ

ইরানে বাসিজের নারী কমান্ডারকে গুলি করে হত্যা

ইরানে বাসিজের নারী কমান্ডারকে গুলি করে হত্যা

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আধাসামরিক বাহিনী বাসিজের আফসানেহ আঘিলা নামে এক নারী কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ধারাবাহিক সশস্ত্র হামলার মধ্যে এ ঘটনা ঘটল।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, মেহরেস্তান শহরে নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন বাসিজের নারী ইউনিটের কমান্ডার আফসানেহ আঘিলা। তবে হামলাকারীদের পরিচয় বা হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্তারিত কিছু জানায়নি।

বাসিজ আইআরজিসির অধীন একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী। ইরান সরকারের সমর্থনে কাজ করা এ বাহিনীর সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভ দমনেও ভূমিকা রাখেন। বাহিনীটির নারী সদস্যরা বিভিন্ন শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি অস্ত্র চালানোর প্রশিক্ষণও পান।

একই দিন মেহরেস্তানে পুলিশের একটি ভ্যানে অতর্কিত হামলায় মোহাম্মদ-আলি শাহরিয়ারি নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হন। নারী কমান্ডার হত্যার সঙ্গে এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, অঞ্চলটিতে সক্রিয় সুন্নি সশস্ত্র গোষ্ঠী জৈশ আল-আদল তাদের একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাফতান পর্বত এলাকা, কুরিন জেলা ও বন্দরনগরী চাবাহারে ইরানি সরকারি বাহিনীর সঙ্গে তাদের তিন দফা সশস্ত্র সংঘর্ষ হয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

মার্কিন অবরোধের মধ্যেও জ্বালানি রফতানি করছে ইরান

দারিদ্র্যপীড়িত সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে মূলত সুন্নি মতাবলম্বী বেলুচ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও উচ্চ বেকারত্বের সমস্যায় ভুগছে অঞ্চলটি। গত সেপ্টেম্বর থেকে সেখানে নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।

সাম্প্রতিক সহিংসতার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। ইরান সরকারের অভিযোগ, এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে। তবে এ দাবির পক্ষে সরকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করেনি।

সহিংসতা নিয়ন্ত্রণে নিরাপত্তা অভিযান জোরদারের পাশাপাশি মৃত্যুদণ্ডও কার্যকর করছে ইরান। গত রোববার জৈশ আল-আদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।