
পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে তৈরি গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে বৈঠক শুরু হয়।
এতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত রয়েছেন। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বৈঠকে অংশ নিয়েছেন।
শ্রমিকদের আন্দোলন এবং পোশাক কারখানায় অস্থিরতা নিরসনে গতকাল রোববার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বৈঠক হচ্ছে। এর আগে রোববার শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।
বৈঠকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, শ্রমিকদের কাজে ফেরানো এবং পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নতুন মজুরি বোর্ড কত দ্রুত সুপারিশ দেবে, সে বিষয়েও শ্রম মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হবে।
সরকারের পক্ষ থেকে শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ইন্ধন থাকার আশঙ্কার কথাও বলা হয়েছে। ফলে শ্রমিকদের দাবি বিবেচনার পাশাপাশি চলমান সহিংসতা মোকাবিলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।























