
জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এর মঞ্চে যখন পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি নিয়ে বিশ্বনেতারা সমবেত হচ্ছেন, তখন খোদ আয়োজক দেশ তুরস্কের মাটিতেই চলছে পরিবেশ ধ্বংসের এক ভিন্ন চিত্র। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের ঐতিহাসিক আকবেলেন বনাঞ্চল ধ্বংস করে চলছে লিগনাইট কয়লা উত্তোলন। খননকাজের প্রতিবাদ করায় স্থানীয় পরিবেশকর্মীদের ওপর নেমে এসেছে নির্বিচার আটক, মামলা ও কারাদণ্ডের মতো রাষ্ট্রীয় দমন-পীড়ন।
ইকিজকয় গ্রামের স্থানীয় জনপ্রতিনিধি নেজলা ইসিক নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি কেবল আমার পৈতৃক ভিটেমাটি, জলপাই বাগান আর গ্রামবাসীদের উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করতে চেয়েছিলাম। মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিবাদ করেছি। কিন্তু তার বিনিময়ে মধ্যরাতে আমাকে আটক করে ৪২ দিন কারাগারে বন্দি রাখা হয়।
অন্য এক ভুক্তভোগী জানান, ২০২৩ সালে সরকারি মদদে বন কাটা শুরু হলে প্রতিবাদ করায় তাদের ওপর মামলা দেওয়া হয়েছে, উচ্ছেদ নির্দেশ অমান্য করায় করা হয়েছে জরিমানা।
তুর্কি পরিবেশকর্মীদের ওপর এমন রাষ্ট্রীয় নির্যাতনের চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গত অক্টোবরের এক প্রতিবেদনেও। সংস্থাটি জানায়, আকবেলেনসহ বিভিন্ন অঞ্চলে পরিবেশ আন্দোলনকারীদের নির্বিচারে আটক ও বিচারের মুখোমুখি করা হচ্ছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে নিয়মিত অতিরিক্ত বলপ্রয়োগ করছে পুলিশ।
পরিবেশ আন্দোলনকারীদের ওপর এহেন কঠোরতা চালানো দেশটিই এ বছর বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ ‘কপ-৩১’ সম্মেলনের আয়োজক। তুরস্কের ঐতিহাসিক উপকূলীয় শহর আনতালিয়ায় আজ থেকে শুরু হওয়া ১২ দিনব্যাপী এই আসরে বিশ্বনেতারা জড়ো হচ্ছেন কার্বন নিঃসরণ কমানো ও ধরিত্রী রক্ষার নানা প্রতিশ্রুতি নিয়ে। সম্মেলনে যোগ দিতে আগামী মঙ্গলবার দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে কপ সম্মেলনের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় দিন দিন আরও জোরালো হচ্ছে। ২০২৩ সালের কপের ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা বলা হলেও ২০২৫ সাল পেরিয়ে এসেও তার নির্দিষ্ট কোনো রোডম্যাপ দাঁড়ায়নি। বিশেষ করে আয়োজক দেশ তুরস্কের ভেতরেই রয়েছে চরম বৈপরীত্য।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ‘এমবার’-এর হিসাব অনুযায়ী, গত বছর তুরস্কের মোট উৎপাদিত বিদ্যুতের ৩৪ শতাংশই এসেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে তুরস্কের অবস্থান শীর্ষে।
এ অবস্থায় সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের শুধু সাজানো মঞ্চে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। নেজলা ইসিক বলেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের চোখ যেন শুধু বিলাসবহুল আনতালিয়ায় আটকে না থাকে। আপনারা আকবেলেন আর ইকিজকয়ে আসুন, কয়লাখনির আগ্রাসন আমাদের প্রকৃতি ও মানবজীবনে কী ক্ষত তৈরি করছে তা নিজের চোখে দেখে যান।
শুধু তুরস্কেই নয়, বৈশ্বিক পর্যায়েও জীবাশ্ম জ্বালানির দাপট এখনো অব্যাহত। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, ২০২৫ সালে জ্বালানি খাতের বৈশ্বিক কার্বন নিঃসরণ ৩৮ দশমিক ৪ বিলিয়ন টনে পৌঁছে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সামান্য বাড়লেও বিশ্বজুড়ে বিদ্যুৎ, শিল্প ও পরিবহনের বাড়তি চাহিদা মেটাতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বৈশ্বিক প্রতিশ্রুতি এখনো কেবল কাগুজে দলিলেই বন্দি রয়েছে।























