• আজ

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আহত একাধিক

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আহত একাধিক

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি ভবনটিতে হামলা চালান। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ভবনটিতে হামলা চালায়। হামলায় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে যায়। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা সতর্ক ছিলেন। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছিলেন। ঘটনার সময় তাঁরাও ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তাঁরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা ব্যক্তিদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁদের সেখান থেকে সরে যেতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশকে খবর দেওয়া হলেও অধিকাংশ ভাঙচুরের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। তার মতে, ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় মিল্টনের কার্যালয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ভবনে থাকা তার ছবিও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।