• আজ

রাজধানীতে ‘নভেম্বর রেইন’, এক পশলা বৃষ্টিতেই স্বস্তি

রাজধানীতে ‘নভেম্বর রেইন’, এক পশলা বৃষ্টিতেই স্বস্তি

নভেম্বরের বৃষ্টি। কারও কাছে স্বস্তির, কারও কাছে শীতের আগমনী বার্তা। আবার সংগীতপ্রেমীদের কাছে ‘November Rain’ মানেই বিশ্বখ্যাত রক ব্যান্ড গানস এন’ রোজেসের সেই কালজয়ী গান। প্রকৃতির সঙ্গে গানের এই পরিচিত নামের মিল যেন নতুন করে ধরা দিল রাজধানীতে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বজ্রপাতসহ ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা। সারাদিনের ভ্যাপসা গরমের পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে, কমেছে তাপমাত্রাও।

সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। শুধু রাজধানী নয়, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। অথচ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় সন্ধ্যায় প্রায় ৮ ডিগ্রি কম তাপমাত্রা অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার সময় এর গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এর আগে সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নভেম্বর মাসে বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এ সময় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বর্ষার বিদায়ের পর এমন বৃষ্টি অনেক সময় গরমের অস্বস্তি কমিয়ে আবহাওয়ায় নিয়ে আসে শীতল অনুভূতি। ধীরে ধীরে এগিয়ে আসে শীতের মৌসুম।

তবে ‘নভেম্বর রেইন’ নামটির সঙ্গে জড়িয়ে আছে সংগীতেরও এক বিশেষ ইতিহাস। মার্কিন রক ব্যান্ড গানস এন’ রোজেসের বিখ্যাত এই গান প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালে তাদের ‘Use Your Illusion I’ অ্যালবামে। ১৯৯২ সালে গানটি এককভাবেও প্রকাশিত হয়। হার্ড রক ও ক্ল্যাসিক রকের মিশেলে তৈরি দীর্ঘ এই পাওয়ার ব্যালাড নব্বইয়ের দশকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।

গানটির ‘Nothin' lasts forever,…even cold November rain’ পঙ্‌ক্তিটি আজও শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। সময়ের সঙ্গে গানটি হয়ে উঠেছে রক সংগীতের অন্যতম স্মরণীয় সৃষ্টি।