
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইনসের জেদ্দাগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারের ব্রেকে আগুন লাগার আশঙ্কায় বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিএস-৩৬১ ফ্লাইটটি উচ্চগতিতে থাকা অবস্থায় উড্ডয়ন বাতিল করে।
এ সময় উড়োজাহাজ থেকে যাত্রীদের এপ্রোনে নামিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির ব্রেক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়নি। তবে কী কারণে উড্ডয়ন বাতিল করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের বলে জানা গেছে। ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছিল বলেও তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত জানতে পারবেন।
এদিকে উড্ডয়ন বাতিলের কারণ, উড়োজাহাজটির প্রকৃত অবস্থা এবং যাত্রীদের পরবর্তী যাত্রার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ইউএস বাংলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর























